ভার্চুয়ালি সংযুক্ত দেশের প্রধান দুই দলের উত্তরাধিকার

৮ আগষ্ট, ২০২৪ ০০:৪৮  

ছাত্র-জনতার অভ্যুত্থান ও দেশের রাজনৈতিক পটপরিবর্তনে হোঁচট খেয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দলের উত্তরাধিকাররা। তবে তারা বুধবার একই দিনে দেশের মানুষের সঙ্গে যুক্ত হয়েছেন ভার্চুয়ালি। সদস্য বিলুপ্ত আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার সন্তান সজীব ওয়াজেদ জয় এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। দেশের প্রধান রাজনৈতিক দলের উত্তরাধিকার হিসেবে দায়িত্বে থাকা দুজ’নেই এখন আছেন মায়ের থেকে দূরে এবং দেশের বাইরে।

তবে বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে এক জনাকীর্ণ সমাবেশে তারেক রহমান যুক্তরাজ্য থেকে ভার্চ্যুয়ালি ভিডিও বক্তব্য দিয়েছেন তারেক জিয়া। বক্তব্যে তিনি বলেছেন,  ‘বাংলাদেশকে গত ১৫ বছর যাবত বন্দি করে ফেলা হয়েছিল। আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ। সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি বাংলাদেশকে দমিয়ে রাখতে পারবে না। ১৯৭১ এবং ২০২৪ এ দুই মুক্তিযুদ্ধের বার্তা একই—যে শর্ত দিয়ে কখনো স্বাধীনতা হয় না। স্বাধীনতাপ্রিয় জনগণ স্বাধীনতা রক্ষায় কোনো শর্ত মানে না।  হাজারো শহীদের রক্তে-জীবনের বিনিময়ে ৫ আগস্ট বাংলাদেশের জনগণ আরেকটি বিজয় দেখেছে।  আজ উন্মুক্ত হয়েছে গণতন্ত্রের দ্বার। আজ মুক্ত স্বাধীন প্রিয় বাংলাদেশ। সাহসী ছাত্র-জনতাকে বীরোচিত অভিনন্দন। প্রমাণ হয়েছে, মুক্তিযুদ্ধের বাংলাদেশ কখনো পরাজয় মানে না। আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের ভূখণ্ডে বসবাসকারী প্রত্যেক মানুষের একটি পরিচয়, সেটি হচ্ছে আমরা বাংলাদেশি। কেউ দয়া করে নিজের হাতে আইন তুলে নেবেন না, প্রতিহিংসা প্রতিশোধে লিপ্ত হবেন না। বিচারের ভার নিজ হাতে নেবেন না। অতীত সমালোচনা কিংবা নৈরাজ্যের বদলে শান্তি প্রতিষ্ঠা করুন। নৈরাজ্য কোনো সমাধান হতে পারে না বরং বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জ্ঞানভিত্তিক রাষ্ট্র নির্মাণের লক্ষ্যে নিয়োগ-পদোন্নতিতে মেধার সর্বোচ্চ অগ্রাধিকার থাকতে হবে। বৈদেশিক নির্ভরতা থেকে দেশকে বের করে আনতে হবে আমাদের।

এরপরই নেতাকর্মীদের উদ্দেশে ভিডিও বার্তায় জয় বলেছেন, বাংলাদেশে যদি গণতন্ত্র, নতুন বাংলাদেশ গড়ে তুলতে হয়, আওয়ামী লীগ ছাড়া সম্ভব নয়। আওয়ামি লিগ হচ্ছে সবথেকে বড় দল। আওয়ামি লিগ কোথাও যাবে না, আওয়ামি লিগ শেষ হয়ে যাবে না। আওয়ামি লীগকে শেষ করা সম্ভব নয়।  কর্মীদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে, আপনারা সাহস নিয়ে দাঁড়ান। আপনার একা নন, আমরা আছি। বঙ্গবন্ধুর পরিবার কোথাও যায়নি। আমরা আপনাদের সঙ্গে আছি। আমরা সবার সঙ্গে আলোচনা করতে প্রস্তুত।

সাত বছর পর জনসম্মুখে একই জনসভায় হাসপাতালের বেড থেকে ধারণকৃত ভিডিও বার্তায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেছেন, “ধ্বংস নয়, প্রতিশোধ নয়, প্রতিহিংসা নয়। শান্তিপূর্ণ বাংলাদেশ যেন গড়ে তুলি। দীর্ঘদিনের নজীরবিহীন দুর্নীতি, গণতন্ত্রের ধ্বংসস্তূপের মধ্য থেকে আমাদের নির্মাণ করতে হবে সমৃদ্ধ বাংলাদেশ। ছাত্র, তরুণরাই আমাদের ভবিষ্যৎ। তরুণরা যে স্বপ্ন বাস্তবায়নে বুকের রক্ত ঢেলে দিয়েছে, সেই স্বপ্ন বাস্তবায়নে প্রত্যেককে মেধা, জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।”